শেয়ারবাজারে শেষ ঘণ্টার বিক্রির চাপে সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। মূলত শেষ ঘণ্টার বিক্রির চাপে অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।
এতে প্রধান সূচকসহ দুটি সূচক কমলেও বাছাইকৃত শেয়ারের সূচক বেড়েছে। অর্থাৎ সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে, লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টা সূচকে কখনো উত্থান, আবার কখনো পতন চলছিল। কিন্তু, বেলা সাড়ে ১২টার পর বিক্রির চাপে অধিকাংশ শেয়ার দরপতনে নাম লেখায়। এতে সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। দিনশেষে ১১৯টি শেয়ার ও ইউনিট দাম বাড়ানোর তালিকায় নাম লেখাতে সক্ষম হলেও দাম কমার তালিকায় রয়েছে ২২১টি। আর ৫৭টির দাম দিনশেষে অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ার কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৪ পয়েন্টে উঠেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের একটি অংশের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিক্রির চাপে এই দরপতন হয়েছে। গতকাল শেয়ারবাজারে বড় উত্থান হওয়ায় অনেকগুলো প্রতিষ্ঠানের শেয়ার দাম বেশ বেড়ে যায়। আজ লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় এর মধ্যে অনেকগুলোর দাম আরো বৃদ্ধি পায়। বিনিয়োগকারীদের একটি অংশ শেষ ঘণ্টায় ওইসব শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন। এতে শেষ ঘণ্টায় অনেকগুলো শেয়ার দরপতনে তালিকায় নাম লেখায়।
এদিকে সবকটি মূল্যসূচক কমাও শেষ ঘণ্টার বিক্রয় চাপে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন বাজারটিতে ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয় ৭১৮ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে ১০৬ কোটি ৩২ লাখ টাকা লেনদেন বেড়েছে।
আজ অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭ প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
এমএমএইচ/বিআরইউ