বেলিয়া সভাপতি শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইয়াদুল হক

বাংলাদেশের লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)-এর সভাপতি হয়েছেন শফিউল আলম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াদুল হক।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন এই কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এরপর সেখানে নবগঠিত কমিটির পরিচিতি প্রদান এবং সংগঠনের সদস্যদের মতবিনিময়ের পাশাপাশি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। তবে ওই পদসমূহের বিপরীতে অন্য কোনো বৈধ মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন বোর্ড প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি অসীম সরকার, অর্থ সম্পাদক এস.এম. মনির উজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: খালিদ হোসেন তরফদার এবং পরিচালক পদে ৭ জন সদস্য হলেন মোহাম্মদ জাকিরুল হক, মো. নেয়ামুল হক, মো. লৎফর রহমান, ফারুক হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আহম্মদ আলী ও আরেফ আহমেদ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিউল আলম উজ্জ্বল বলেন, ‘আমাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে, ইনশাআল্লাহ। আমরা সদস্যদের স্বার্থ সংরক্ষণসহ লিফট শিল্পখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখব।’
এ সময় নবনির্বাচিত সভাপতি লিফট খাতে শুল্ক কমাতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘লিফটের খরচ কমলে দেশের অবকাঠামো খাত এগিয়ে যাবে। আগামী বাজেটে এই শিল্পখাতের বিকাশে সরকার সহায়তা করবে বলে আমরা প্রত্যাশা করছি।’
এসআই/এমএসএ