ইউসিবির উদ্যোগে হজ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত

হজযাত্রীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে হজ এজেন্সিগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদারে বিশেষ সম্মেলন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
মঙ্গলবার (৩ মার্চ) চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে এই ‘হজ এজেন্সি সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘পবিত্র হজ অত্যন্ত সংবেদনশীল একটি ইবাদত। হজযাত্রীদের নিরাপদ ও সময়োপযোগী আর্থিক সেবা নিশ্চিত করতে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জানান, গত চার বছর ধরে ৪২৩টি শাখা-উপশাখা ও ৬০২টির বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে সফলভাবে হজ সেবা দিয়ে আসছে ব্যাংকটি। বর্তমানে হজ কার্যক্রমে ইউসিবি দেশের পঞ্চম বৃহত্তম ব্যাংক।
অনুষ্ঠানে জানানো হয়, মাত্র ৬১টি এজেন্সি নিয়ে যাত্রা শুরু করলেও ২০২৬ সালে তা ১০৭টিতে উন্নীত হয়েছে। আগামী ২০২৭ সালে ২০০টির বেশি এজেন্সিকে সেবার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যাংকটি। এ ছাড়া হজ কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করতে নতুন সব উদ্যোগের কথা উল্লেখ করা হয় এবং দ্রুত সেবা নিশ্চিতে একটি ‘ডেডিকেটেড টিম’ কাজ করবে বলে জানানো হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শরিয়ত উল্ল্যাহ শহিদ এবং সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক। এ ছাড়া ইউসিবির চট্টগ্রাম মেট্রো অঞ্চলের প্রধান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য হজ এজেন্সির প্রতিনিধিরা এতে অংশ নেন।
ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামের হজ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি ফলপ্রসূ সংলাপে পরিণত হয়।
বিআরইউ