ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রাম চেম্বার নির্বাচন গুরুত্বপূর্ণ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনাইটেড বিজনেস ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর একটি বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল চট্টগ্রাম চেম্বার। ওই সময়ে একক আধিপত্যের কারণে সাধারণ ব্যবসায়ীরা যেমন কাঙ্ক্ষিত উন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তেমনি স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনার সুযোগও পাননি। এ কারণে ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চেম্বারের নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন হলে চেম্বারে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।
বক্তারা আরও বলেন, একটি গ্রুপ নানা কৌশলে এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচন বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শতবর্ষী এই চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ইউনাইটেড বিজনেস ফোরাম সবসময় কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা।
সভায় অর্ডিনারি গ্রুপ থেকে উপস্থিত ছিলেন রাইজিং কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসাইন চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, রাজা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ইস্টিভেটর ফ্রেন্ডস সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক আমান উল্লা আল ছগির ছুট, চুমকি অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হায়দার চৌধুরী, নিউ কর্ণফুলী ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আলম, ফালগুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম ইসমাইল খান, টার্নিং পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদ ইফতেখার, জেএসএম এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, দি ফোর হুইলার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং স্ট্যান্ডার্ড লজিস্টিক সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
অ্যাসোসিয়েট গ্রুপ থেকে উপস্থিত ছিলেন সাহির ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আলম খান, জার ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হাসান, স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, জিকু এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম নুর এবং পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ হিরোসহ আরও অনেকে।
উল্লেখ্য, স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
আরএমএন/এমএন