অদম্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০২৫’

সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার সফল নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ৭ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’-র নিয়মিত এই আয়োজনটি এবার ২০ বছরে পদার্পণ করেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত মনোনয়ন এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলীর দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে চার কীর্তিমতীকে নির্বাচিত করা হয়েছে। বিশেষজ্ঞ প্যানেলে নির্বাচক হিসেবে ছিলেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন এবং ডিক্যাস্টালিয়া লিমিটেডের পরিচালক সাবিলা ইনুন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে ‘গিভ টু গেইন’ থিমটি আমাদের কাছে একটি সুস্পষ্ট অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, নারীদের প্রতি সম্মান, স্বীকৃতি ও সহযোগিতার অর্থ হলো সমাজের অগ্রগতিতে বিনিয়োগ করা। একজন নারী এগিয়ে গেলে তার সঙ্গে এগিয়ে যায় পরিবার, কর্মক্ষেত্র ও পুরো দেশ। এই সম্মাননার মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিবি উইমেন’স উইংয়ের চেয়ারপারসন ও ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা এবং দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিইও দেওয়ান হানিফ মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা।
পুরস্কার প্রদান পর্বে অনুসন্ধানমূলক সাংবাদিকতার জন্য ‘কীর্তিমতী সাংবাদিক’ সম্মাননা পান কাওসার সোহেলী। যৌনকর্মীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য ‘বঞ্চিতা’ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে ‘কীর্তিমতী হিতৈষী’ সম্মাননা পান নুর নাহার। বহুমাত্রিক কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে অসংখ্য নারীর কর্মসংস্থান সৃষ্টি করায় ‘কীর্তিমতী উদ্যোক্তা’ হিসেবে ভূষিত হন মোছা. সুরাইয়া ফারহানা রেশমা। এছাড়া দুই বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ও সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা লাভ করেন ‘কীর্তিমতী ক্রীড়াবিদ’ সম্মাননা। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বিশেষ অতিথিরা।
এমএন