শেয়ারবাজারে বড় উত্থান অব্যাহত, লেনদেনেও গতি বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ মার্চ) সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ৫০টি বাদে সবগুলোর দর বেড়েছে আজ। এতে সবগুলো মূল্যসূচক ২ শতাংশ থেকে ৩ শতাংশের বেশি বেড়েছে। আর লেনদেনেও কিছুটা গতি বেড়েছে।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়। এতে এক সপ্তাহেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫৯ পয়েন্ট কমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও (৮ মার্চ) শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়। ওইদিন ডিএসইএক্স সূচক আরো ২৩১ পয়েন্ট কমে যায়। এমন পরিস্থিতির মধ্যে সোমবার (৯ মার্চ) সূচক ১৩২ পয়েন্ট বেড়েছিলো। আজ সেই ধারাবাহিকতায় সূচকে আরো বড় উত্থান হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়। ফলে সূচকের বড় উত্থান দিয়েই লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সবখাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৩টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৯ পয়েন্টে উঠে এসেছে।
মূল্য সূচকের বড় উত্থান হওয়ার পাশাপাশি আজ ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭৩ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১৬ কোটি ৫ টাকা। এ হিসাবে দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৬৮ লাখ টাকা।
এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। ব্যাংকটির ৩৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকার। ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২০ হয়েছে। এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক সিএসসিএক্স ২০৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪ পয়েন্টে উঠেছে।
সিএসইর লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩২টির এবং ১০টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮ কোটি ৫৫ লাখ টাকা।
এমএমএইচ/জেডএস