মেয়াদি ‘এসএইএমএল লেকচার ইকুইটি ফান্ড’ বে-মেয়াদিতে রূপান্তরের অনুমোদন

মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’-এর ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের সম্মতিক্রমে একে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১০ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত এবং ফান্ডটির ট্রাস্টি ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’-র আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে ফান্ডটি এখন থেকে মেয়াদি মিউচুয়াল ফান্ড হতে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে পরিচালিত হবে।
একই সঙ্গে কমিশন এই ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদিও অনুমোদন করেছে। রূপান্তরিত বে-মেয়াদি ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’-এর প্রাথমিক আকার হবে ৫০ কোটি টাকা।
উল্লেখ্য, এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
এমএমএইচ/এমএআর/