যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বিজ্ঞাপন
সংগঠনটি মনে করে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি ফ্রেইট চার্জ ও বিমা প্রিমিয়াম বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ঢাকা চেম্বার।
বিজ্ঞাপন
জ্বালানি বাজারের অস্থিরতা ও আমদানি ব্যয়
ডিসিসিআই জানায়, মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের প্রধান পথগুলো সংঘাতের কবলে পড়ায় ইতোমধ্যে অপরিশোধিত তেলের মূল্য প্রতি ব্যারেল ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে ১০ ডলার বৃদ্ধি পেলে বাংলাদেশের মাসিক আমদানি ব্যয় প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়বে এবং বাণিজ্য ঘাটতি আরও প্রকট হওয়ার ঝুঁকি তৈরি হবে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই রুটে সরবরাহ বিঘ্নিত হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ফ্রেইট চার্জ এবং পণ্য সরবরাহের সময়সীমা (Lead Time) অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প উচ্চ লজিস্টিক ব্যয় ও সাপ্লাই চেইন সংকটের মুখে পড়বে। উল্লেখ্য, স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে গত ৭ মাস ধরেই দেশের রপ্তানি আয় নিম্নমুখী অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
তবে বৈশ্বিক এই অনিশ্চয়তার মধ্যেও একটি আশাব্যঞ্জক তথ্য দিয়েছে ডিসিসিআই। সংগঠনটি জানায়, এলএনজি, এলপিজি, ডিজেল ও বিভিন্ন জ্বালানি বহনকারী ১০টিরও অধিক জাহাজ সম্প্রতি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। এটি দেশের অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতি সাময়িকভাবে স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
ঢাকা চেম্বার মনে করে, সংঘাত দীর্ঘায়িত হলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে বিঘ্ন ঘটতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় সরকারের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিসিসিআই।
ডিসিসিআই সতর্ক করে বলেছে, দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সংঘাত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সহনশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
আরএম/এমএসএ