কাটেনি ঈদের আমেজ, ঢিলেঢালায় চলছে ব্যাংক

টানা সাতদিনের ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। তবে রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলে এখনো পুরোপুরি ঈদের আমেজ কাটেনি। চিরচেনা কর্মব্যস্ততা ও প্রাণচাঞ্চল্যের বদলে দেখা গেছে কিছুটা ধীরগতি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে মতিঝিল ও দিলকুশা এলাকার বিভিন্ন ব্যাংক ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের পর প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যারা উপস্থিত ছিলেন, তাদের অনেকেই কাজের চাপ কম থাকায় গল্প-গুজব ও ঈদের শুভেচ্ছা বিনিময়েই সময় পার করেছেন।
সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। আর অফিস কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে গ্রাহক উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের তুলনায় কম।
সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ছুটির পর ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন গ্রাহক উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়বে। গ্রাহকদের সেবা দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
বিজ্ঞাপন
দীর্ঘ ছুটির পর প্রথম দিন হওয়ায় সীমিত পরিসরে লেনদেন হয়েছে। কিছু গ্রাহক নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রপ্তানি সংক্রান্ত সেবা নিয়েছেন। ভিড় কম থাকায় অনেকেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।
ব্যাংকাররা বলছেন, পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। কারণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আবারও ছুটি রয়েছে। এর আগে ২৪ ও ২৫ মার্চ অনেক কর্মজীবী ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় টানা বিরতির প্রভাব পড়ছে অফিস কার্যক্রমে।
সব মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রায় ১২ দিনের ছুটির পর ধীরে ধীরে কর্মস্থলে ফিরছেন চাকরিজীবীরা। ফলে এই সপ্তাহজুড়ে ব্যাংক ও অফিসপাড়ায় থাকবে কিছুটা ধীরগতি।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, দুই দিন কার্যক্রম চলার পর আবারও স্বাধীনতা দিবসসহ টানা ছুটিতে পড়বে ব্যাংক খাত। তাই আগামী সপ্তাহের রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এসআই/জেডএস