বিজ্ঞাপন

স্বপ্নের ডেটাবেজ হ্যাক : ৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকিতে

অ+
অ-
স্বপ্নের ডেটাবেজ হ্যাক : ৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকিতে

দেশের অন্যতম বড় সুপারশপ চেইন স্বপ্নের গ্রাহকদের ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এতে ৪০ লাখের বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে।

বিজ্ঞাপন

স্বপ্নের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় তিন মাস আগে ঘটনাটি ঘটে। হ্যাকাররা ডেটাবেজ ফিরিয়ে দিতে ১৫ লাখ মার্কিন ডলার (১৮ কোটি টাকা) দাবি করে। কিন্তু কোনো সমঝোতা হয়নি অর্থাৎ কোনো টাকা দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি কোনো ধরনের আপস না করে বিষয়টি মোকাবিলার সিদ্ধান্ত নেয়। এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে এবং নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, ফোন নম্বর এবং কেনাকাটার বিস্তারিত তথ্য রয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কতজন গ্রাহক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা বা পাবলিক নোটিশ জারি করেনি প্রতিষ্ঠানটি, যা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

একজন গ্রাহক অভিযোগ করে জানান, ফাঁস হওয়া ডেটাবেজে নিজের পরিবারের সদস্যের ফোন নম্বর দিয়ে সহজেই ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে। এতে বড় পরিসরে তথ্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে সিস্টেম সুরক্ষায় ব্যবস্থা নিয়েছে এবং বিষয়টি তদন্তে দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে কাজ করছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

এ বিষয়ে স্বপ্নের মার্কেটিং বাজেট ও কমিউনিকেশন অপারেশনস বিভাগের কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ডেটাবেজ হ্যাকের বিষয়টি নিয়ে আইটি বিভাগ কাজ করছে এবং বিস্তারিত শিগগিরই জানানো হবে।

বিজ্ঞাপন

এসআই/বিআরইউ