বিজ্ঞাপন

ক্রেতা সংকটে শুরুর বড় উত্থান টিকলো না, দিনশেষে দরপতন-লেনদেন খরা

অ+
অ-
ক্রেতা সংকটে শুরুর বড় উত্থান টিকলো না, দিনশেষে দরপতন-লেনদেন খরা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ এপ্রিল) লেনদেনের শুরুটা হয়েছিল আশা জাগানোর মধ্য দিয়ে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরবৃদ্ধি এবং সূচক ৭৬ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। কিন্তু দিনের এক পর্যায়ে অনেকগুলো সিকিউরিটিজে অতিমাত্রায় বিক্রয় চাপ ও ক্রেতা সংকট তৈরি হওয়ায় সূচকের এই বড় উত্থান দিনশেষে টিকলো না। আর ক্রেতার উপস্থিতি কম হওয়ায় এক্সচেঞ্জেটির সার্বিক লেনদেনেও দিনশেষে ভাটা পড়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দিনের শুরুতেই ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ায় তালিকায় নাম লেখায়। সকাল ১০টা ২৫ মিনিটে প্রায় দুই-তৃতীয়াংশ সিকিউরিটিজ দরবৃদ্ধির তালিকায় স্থান করে নেয়। এরপর অল্প অল্প করে অনেকগুলো শেয়ার ও ইউনিট দরবৃদ্ধি থেকে দরপতনের তালিকায় আসতে থাকে। দিনশেষে সংখ্যার বিবেচনায় দরবৃদ্ধির তুলনায় পতনের পাল্লা ভারি হয়ে লেনদেন শেষ হয়।

তবে বড় মূলধনী ও সূচকে বেশি অবদান রাখা অনেকগুলো সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় সার্বিকভাবে সূচক পতনের হাত থেকে রক্ষা পেয়েছে। কমেছে কেবল শরিয়াহ কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত সূচক।

বাজার বিশ্লেষকরা বলছেন, আজ লেনদেনের শুরুতে অধিকাংশ শেয়ার ও ইউনিটে সমানতালে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে দুপুর ১২টার পর অনেকগুলো সিকিউরিটিজে প্রচুর বিক্রয় আদেশ এলেও বিপরীতে ক্রেতার সংকট তৈরি হয়। এতে ওইসব সিকিউরিটিজগুলোর দামেও ব্যাপক পতন হয়। সার্বিকভাবে ওইসব শেয়ার ও ইউনিটগুলো শুরুর বড় উত্থানকে টেনে নামিয়ে আনে।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইতে মোট ৩৮৯টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪টির। কমেছে ১৭২টির। আর দিনের লেনদেন শেষে ৬৮টির দাম অপরিবর্তিত রয়ে গেছে।

বেশি সংখ্যক শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সূচকের বেশি অবদান রাখা সিকিউরিটিজগুলোর দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দিনের ব্যবধানে ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২ পয়েন্টে উঠেছে। এছাড়া বাছাই করা ৩০টি শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে দিনের ব্যবধানে শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৪০ পয়েন্টে নেমেছে।

আজ ডিএসইতে মোট ৪৭১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে (রোববার) হয়েছিল ৫১২ কোটি টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ কমেছে ৪১ কোটি টাকা।

বিজ্ঞাপন

এদিকে আজ অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৬১ পয়েন্টে উঠেছে।

দিন শেষে সিএসইতে মোট ১৭৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। আজ সিএসইতে লেনদেন মোট ৩১ কোটি ৩৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৩ কোটি ৪০ লাখ টাকার তুলনায় ১২ কোটি ৪ লাখ টাকা কম।

এমএমএইচ/এসএম