পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক আলফালাহ্ লিমিটেডের বাংলাদেশের সম্পদ ও দায় কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি। এরইমধ্যে ব্যাংক আল ফালাহ্র শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) ব্যাংক এশিয়ার শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি। ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেলে পাকিস্তানি ব্যাংকটির অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংক আল ফালাহ্র বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল ব্যাংক এশিয়ার পর্ষদ। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন গ্রহণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল ব্যাংক এশিয়ার পর্ষদ।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাকিস্তানি ব্যাংকটিকে অধিগ্রহণ-সংক্রান্ত স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে রোববার বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করা। এরই মধ্যে গত ২৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত রেকর্ড ডেট পালিত হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে গত মাসে ব্যাংক আলফালাহ্র ৭৮তম এজিএমে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ব্যাংক এশিয়ার কাছে ৫৮০ কোটি টাকায় (প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলার) বাংলাদেশে থাকা পাকিস্তানের ব্যাংকটির সম্পদ ও দায় বিক্রির বিষয়টি অনুমোদন করেছে। এজিএমের কার্যবিবরণী এরইমধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) জমা দেওয়া হয়েছে। বিক্রয়মূল্য চূড়ান্ত করার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যাংক আলফালাহ্র বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার সঙ্গে একীভূতকরণের সময় কিছু সমন্বয় করা হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি স্টেট ব্যাংক অব পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক এবং পাকিস্তান ও বাংলাদেশের সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।
এমএমএইচ/জেডএস
