শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং অ-তালিকাভুক্ত ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড একীভূত হয়ে ব্যবসা পরিচালনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (কোম্পানি ম্যাটার নং-৩১৮/২০২৬) নির্দেশনার আলোকে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে তালিকাভুক্ত কোম্পানিটি। ইজিএমের মাধ্যমে একীভূতকরণ-সংক্রান্ত প্রস্তাবে ঋণদাতাদের অনুমোদন নেওয়ার পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন চাইবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ইজিএমের তারিখ জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি। আগামী ২১ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ মে।
ওয়ালট হাইটেক ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, গত ৯ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (কোম্পানি ম্যাটার নং-৩১৮/২০২৬) তাদের প্রস্তাবিত মার্জার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কিছু নির্দেশনা প্রদান করে। ওই নির্দেশনা অনুসরণে এই ইজিএম আহ্বান করা হয়েছে। এতে প্রস্তাবিত একীভূতকরণ-সংক্রান্ত ইস্যুতে পাওনাদারদের পাশাপাশি শেয়ারহোল্ডারের অনুমোদন চাইবে তালিকাভুক্ত কোম্পানিটি।
ওয়ালটন আরও জানিয়েছে, গত ১১ এপ্রিল অনুষ্ঠিত তাদের ৫০তম পরিচালনা পর্ষদের সভায় এই ইজিএম আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসরণ ও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এই একীভূতকরণ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়।
বিজ্ঞাপন
এর আগে গত ১৫ মার্চ কোম্পানিটি ডিএসইকে জানায়, তারা এরইমধ্যে একীভূতকরণ-সংক্রান্ত প্রস্তাবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনাপত্তিপত্র পেয়েছে। ধারাবাহিকভাবে হাইকোর্ট, ঋণদাতা, সাধারণ শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা একীভূতকরণের বাকি ধাপগুলো বাস্তবায়ন করবে।
গত বছরের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৪৬তম পরিচালনা পর্ষদের সভায় ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি হাইকোর্টসহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা, ঋণদাতা ও সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার প্রক্রিয়ায় এগিয় চলছে।
এমএমএইচ/এসএম
