বিজ্ঞাপন

সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হলো বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট

সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হলো বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট

খেলার মাঠে সম্প্রীতির বার্তা ছড়িয়ে শেষ হলো বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত প্রথম ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’।

শনিবারের (২৬ এপ্রিল) এ আয়োজনে ঢাকার অদূরে পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে দেশি-বিদেশি অংশীজনদের অংশগ্রহণে জমে ওঠে এক মিলনমেলা।

পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয়।

বিজিএমইএর স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইন চার্জ, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলমের বিশেষ উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, এই আয়োজন শুধু একটি গলফ টুর্নামেন্ট নয়; বরং ব্র্যান্ড পার্টনার, ক্রেতা, কূটনীতিক ও বিজিএমইএ সদস্যদের মধ্যে দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের এক অনন্য উদযাপন। মাঠের খেলায় গড়ে ওঠা এই সম্প্রীতি ভবিষ্যতে শিল্পের ঐক্যকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করবে।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৮০ জনেরও বেশি গলফার অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে- বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং বিজিএমইএর সাধারণ সদস্যরা ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যরাও খেলোয়াড় হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন– পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক মোহাম্মদ সোহেল এবং পরিচালক এমডি এম. মহিউদ্দিন চৌধুরী।

প্রতিযোগিতায় বিজিএমইএর অ্যাপারেল ক্লাব কমিটির চেয়াম্যান এবং ফ্রেন্ডস স্টাইলওয়্যার লিমিটেডের এ. এম. মাহমুদুর রহমান ‘চ্যাম্পিয়ন’ এবং এরাইভাল ফ্যাশন লিমিটেডের শফিকুল ইসলাম ‘রানার-আপ’ হওয়ার গৌরব অর্জন করেন। নারী বিভাগে- দাদা ঢাকা লিমিটেডের মিসেস হ্যায়জাং ‘লেডিস উইনার’ হন। ‘বেস্ট গ্রস’ নির্বাচিত হন অ্যামেজিং ফ্যাশন লিমিটেডের এএলএম নিশাত বিন জিয়া।

অন্যান্য ক্যাটাগরিতে চট্টগ্রাম ফ্যাশন স্পেশালাইজড টেক্সটাইলস লিমিটেডের নিয়াজ আহমেদ ভূঁইয়া ‘লঙ্গেস্ট ড্রাইভ’ এবং আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেডের সালাহ উদ্দিন আহমেদ (শামীম) ‘নেয়ারেস্ট টু দি পিন’ পুরস্কার অর্জন করেন। খেলা শেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে এএন্ডই-এর এঞ্জেলো লী নাগে প্রথম পুরস্কার জেতেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।

এসআই/বিআরইউ