বিজ্ঞাপন

সোনালী সিকিউরিটিজের ট্রেক সনদ বাতিল

সোনালী সিকিউরিটিজের ট্রেক সনদ বাতিল

বিধিমালা লঙ্ঘনের দায়ে ব্রোকারেজ হাউজ সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্রোকারেজ হাউজটির ট্রেক নম্বর ২৬১।

ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৩) অনুযায়ী সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট বিধিমালার ৩(২)(গ) ধারা লঙ্ঘনের কারণে কোম্পানিটির ট্রেক সনদ বাতিল করা হয়। এ অবস্থায় সোনালী সিকিউরিটিজ লিমিটেডের সব বিনিয়োগকারী ও গ্রাহককে নিজ অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ ও সিকিউরিটিজের হিসাব পর্যালোচনা করে প্রয়োজনীয় লেনদেন নিষ্পত্তি করার জন্য অনুরোধ করেছে ডিএসই।

তাছাড়া সিকিউরিটিজটির বিরুদ্ধে কোনো দাবি, অভিযোগ বা বকেয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রমাণসহ লিখিত আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২১ মের মধ্যে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারের (ভারপ্রাপ্ত) কাছে অনলাইনে অভিযোগ জমা দেওয়া যাবে।

গত বছর বিএসইসির পক্ষ থেকে সোনালী সিকিউরিটিজ লিমিটেডের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সিকিউরিটিজ আইন অনুযায়ী, ব্রোকারেজ হাউজটির পরিশোধিত মূলধনের ৭৫ শতাংশের বেশি রাখার বিধান রয়েছে। কিন্তু নির্ধারিত পরিমাণের চেয়ে এনএভি কম থাকায় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে এ তদন্তের আদেশ জারি করা হয়।

এমএমএইচ/জেডএস