দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধিদল। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে এ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
একইসঙ্গে শিল্প খাতের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বর্তমানে চালু থাকা কারখানাগুলো যেন কোনোভাবেই বন্ধ না হয়, সে বিষয়ে নীতিগত ও কার্যকর সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।
শিল্পখাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সিল্ক সেক্টর, ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদন বৃদ্ধি এবং শিল্পের বহুমুখীকরণের পাশাপাশি জ্বালানি সংকট সমাধানের বিষয়েও তিনি গুরুত্ব দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।
বিকেএমইএ’র পক্ষ থেকে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ উপস্থিত ছিলেন।
বিকেএমইএ মনে করে, সরকারের এই ইতিবাচক উদ্যোগ শিল্পখাতের স্থিতিশীলতা, রপ্তানি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উদ্যোক্তাদের মধ্যে নতুন করে আস্থা ও আশার সঞ্চার করবে।
এসআই/এসএএস/এনএফ
