শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূলধন বৃদ্ধি এবং লভ্যাংশ ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ক্ষেত্রে যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা মূলধন বৃদ্ধির ক্ষেত্রে আর বাধা হিসেবে বিবেচিত হবে না। পাশাপাশি ‘এ’ ক্যাটাগরিভুক্ত ব্যাংকগুলোকে নিজস্ব ব্যাংকেই লভ্যাংশ অ্যাকাউন্ট সংরক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতর এ তথ্য জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক যদি কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয় এবং সেই পুনর্গঠিত বোর্ডের সম্মিলিত শেয়ার ধারণ ৩০ শতাংশের নিচে নেমে যায়, তাহলে তা আর মূলধন বৃদ্ধির (রাইট শেয়ার, বোনাস শেয়ারের মতো ইস্যুর) ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে গণ্য হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নোটিফিকেশন জারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এছাড়া, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংকগুলো এখন থেকে নিজেদের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট সংরক্ষণ করতে পারবে বলে নির্দেশনা জারির সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, শেয়ারবাজারভিত্তিক স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণাধর্মী সাংবাদিকতাকে উৎসাহিত করতে আগের বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হবে ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৬’।
বিএসইসির মতে, এ উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজার সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করা হবে, যা দেশের শেয়ারবাজার এবং সামগ্রিক অর্থনীতির গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান অর্জন, বিশ্লেষণী দক্ষতা উন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড শক্তিশালী করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’ আয়োজন করা হয়। ওই আয়োজনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়া- এই তিন ক্যাটাগরিতে মোট ৯ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছিল।
এমএমএইচ/এমএসএ
