বিজ্ঞাপন

ঈদের আগের শেষ কার্যদিবেস শেয়ারবাজারে উত্থান

ঈদের আগের শেষ কার্যদিবেস শেয়ারবাজারে উত্থান

ঈদুল আজহার আগে শেষ কার্যদিবস রোববার (২৪ মে) শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান হলো। তবে এক্সচেঞ্জটিতে আজ ঈদের আগে শেষদিনে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। তবে প্রথম আধাঘণ্টার লেনদেন শেষ হওয়ায় পর বাজারে বেশ অস্থিরতা দেখা যায়। অবশ্য দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্য সূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে উঠে এসেছে।

মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯০২ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২৩ কোটি ৪৪ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৩১ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭ প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৪ কোটি ৩৯ লাখ টাকা।

এমএমএইচ/জেডএস