ঈদুল আজহার লম্বা ছুটি শেষে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। ছুটির আগে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর ঈদ পরবর্তী তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
ঈদের পর তৃতীয় কার্যদিবসে আজ (বুধবার) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। আর বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে ঢাকার এই শেয়ারবাজারে প্রায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার (৩ জুন) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯৮টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে উঠে এসেছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেন হয় ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ৭১ লাখ টাকা। আজকের এই লেনদেন ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ, ওইদিন ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৬ পয়েন্টে উঠেছে। আর এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএসসিএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ এই বাজারের লেনদেনে অংশ নেওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ১৯ লাখ টাকা।
এমএমএইচ/এসএম
