বিজ্ঞাপন

বিএসইসির নির্বাহী পরিচালক হলেন মুখপাত্র আবুল কালাম

বিএসইসির নির্বাহী পরিচালক হলেন মুখপাত্র আবুল কালাম

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আবুল কালাম। 

নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সংস্থার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
বুধবার (৩ জুন) বিকালে বিএসইসির সহকারী পরিচালক ইনজামুল হক স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ওই দিনই তিনি নির্বাহী পরিচালক পদে যোগদান করেছেন।  

বৃহস্পতিবার বিএসইসির সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসইসির আদেশে জানানো হয়, মো. আবুল কালামকে বিএসইসির পরিচালক পদ হতে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হলো, যা তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

আবুল কালাম ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি বিএসইসিতে উপপরিচালক হিসেবে যোগদান করেন। সর্বশেষ গত ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিএসইসির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে আবুল কালাম বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন।

বিএসইসিতে যোগদানের আগে আবুল কালাম ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পূবালী ব্যাংকে কাজ করেন। ব্যাংকটিতে প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে তিনি সর্বশেষ দায়িত্ব পালন করেন। তার আগে ১৯৯৫ সালে আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজের অ্যাকাউন্টিং বিভাগে লেকচারার ছিলেন।

প্রসঙ্গত, আবুল কালামের যোগদানের পরও বিএসইসিতে নির্বাহী পরিচালকের দুটি পদ ফাঁকা রয়েছে। খুব শিগগিরই এই পদ দুটিতেও নিয়োগ হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এমএমএইচ/এমএসএ 

বিজ্ঞাপন