বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশনায়

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, ফেরত মিলবে আগের কাটা টাকাও

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, ফেরত মিলবে আগের কাটা টাকাও

দেশের ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের নতুন সিদ্ধান্ত। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে আসা আয়ের ওপর এত দিন সাড়ে ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হতো, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তা পুরোপুরি বন্ধ করা হয়েছে।

সরকারের এই ইতিবাচক খবরের পর বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক ইতোমধ্যে ফ্রিল্যান্সিং আয়ের ওপর থেকে উৎসে কর কর্তন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

একইসঙ্গে ব্যাংকটি জানিয়েছে, ইতোমধ্যে যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে কর বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে, তা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

শুক্রবার (৫ জুন) ডাচ-বাংলা ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ জানান, আইটি ফ্রিল্যান্সারদের আয়ের ওপর আগে থেকেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। তবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে এখন থেকে এ আয় থেকে আর কর কাটা হবে না।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে। পাশাপাশি যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে কর কেটে নেওয়া হয়েছে, সেই অর্থ কীভাবে দ্রুত ফেরত দেওয়া যায় সে বিষয়েও কার্যক্রম শুরু হয়েছে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী নির্দেশনা এবং ব্যাংকের দ্রুত উদ্যোগের ফলে দেশের আইটি ও ফ্রিল্যান্সিং খাত আরও এক ধাপ এগিয়ে যাবে।

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয় বা রেমিট্যান্সের ওপর ৭.৫ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে, এমন অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

বিষয়টি নজরে আসলে দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ না করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১ জুন সচিবালয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের গুঞ্জন সম্পর্কে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন এবং এমন কর আরোপ না করার পক্ষে মত দেন।

এসআই/এমএসএ