বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিস চলাকালীন আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে কৃষি ব্যাংক কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হওয়া এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষি ব্যাংক অ্যামপ্লয়ীজ ইউনিয়ন আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাধারণত এ ধরনের সভা-সমাবেশ অফিস সময়ের বাইরে আয়োজন করা হলেও এবার কর্মঘণ্টার মধ্যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকতে বলা হয় বলে জানা গেছে। এতে ব্যাংকের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে লিখিতভাবে প্রশ্ন পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) কোনো উত্তর পাওয়া যায়নি।
এসআই/এসএম
