বিজ্ঞাপন

কত বড় হলো অর্থনীতি

তাজউদ্দীন থেকে আমির খসরু : ৫৫ বছরে কে দিলেন কত বাজেট

তাজউদ্দীন থেকে আমির খসরু : ৫৫ বছরে কে দিলেন কত বাজেট

১৯৭১ সালের ২৬ মার্চ যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তার অর্থনৈতিক ভিত্তি ছিল অত্যন্ত সীমিত। মাত্র ৪ হাজার ৯৮৫ কোটি টাকার এক যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি নিয়ে শুরু হয়েছিল আমাদের পথচলা। অথচ স্বাধীনতার ৫৫ বছরের ব্যবধানে সেই বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় এসে দাঁড়িয়েছে। 

১১ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট হিসেবে উত্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন। এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে। 

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন এই অর্থবছর। 

এবারের বাজেটের মূল ভাবনায় রাখা হয়েছে একবিংশ শতাব্দীর আধুনিক অর্থনৈতিক সংস্কারের রূপরেখা। ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন ও বিনিয়ন্ত্রণকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ’— এই সম্ভাব্য প্রতিপাদ্যকে সামনে রেখেই অর্থমন্ত্রী আগামী এক বছরের আয়-ব্যয়ের হিসাব ও দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা পেশ করবেন।

বাজেট ইতিহাসের পথপরিক্রমা

অর্থ মন্ত্রণালয়ের ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দেওয়ার গৌরব অর্জন করেছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালে তিনি ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য দেশের প্রথম বাজেট পেশ করেন। এর আকার ছিল মাত্র ৭১৯ কোটি টাকা। প্রথম তিনটি বাজেটই ছিল তার হাত দিয়ে তৈরি। তবে ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে, এরও আগে ১৯৭১ সালের ১৯ জুলাই বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে মুজিবনগর সরকার দৈনন্দিন ও অপরিহার্য ব্যয় নির্বাহের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল। 

স্বাধীনতার পর থেকে এই দীর্ঘ পথপরিক্রমায় এখন পর্যন্ত মোট ১৪ জন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন মেয়াদে বাজেট পেশ করেছেন। ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের মাধ্যমে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হবেন বাংলাদেশের বাজেট পেশকারী ১৫তম ব্যক্তি। 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে উপস্থাপিত প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭১৯ কোটি টাকা। সেই হিসাবে ৫৫ বছরের ব্যবধানে দেশের বাজেটের আকার বেড়েছে প্রায় ১,৩০৩ গুণ। 

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল, যা আগের অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম ছিল। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আগের বছরের তুলনায় ছোট আকারের বাজেট উপস্থাপিত হয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি ছিল টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের এবং অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলীর প্রথম বাজেট। 

এর আগে টানা পাঁচটি বাজেট উপস্থাপন করেছিলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার পূর্বসূরি প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টানা ১০টি বাজেট উপস্থাপন করে একটি অনন্য রেকর্ড গড়েন। এর আগে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া টানা ছয়টি বাজেট পেশ করেছিলেন। 

তবে, মোট বাজেট উপস্থাপনের সংখ্যার বিবেচনায় আবুল মাল আবদুল মুহিত ও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যৌথভাবে শীর্ষে রয়েছেন। আবদুল মুহিত আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১০টি বাজেট ছাড়াও এরশাদ সরকারের সময়ে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরের দুটি বাজেট পেশ করেছিলেন। ফলে তার উপস্থাপিত মোট বাজেটের সংখ্যা দাঁড়ায় ১২টি। একইভাবে এম সাইফুর রহমানও বিভিন্ন মেয়াদে মোট ১২টি বাজেট উপস্থাপন করেছিলেন, যা দেশের বাজেট ইতিহাসে একটি উল্লেখযোগ্য রেকর্ড।

স্বাধীনতার পর যত বাজেট: একনজরে পরিসংখ্যান

স্বাধীনতার পর থেকে প্রতিটি অর্থবছরের বাজেট ঘোষক, প্রস্তাবিত এবং সংশোধিত বাজেটের আকারের তালিকা নিচে দেওয়া হলো— 

১৯৭২-৭৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। প্রস্তাবিত বাজেট ৭১৯.৪০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬৮৭.৮০ কোটি টাকা।

১৯৭৩-৭৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। প্রস্তাবিত বাজেট ৮২০.৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৮২৮.২ কোটি টাকা।

১৯৭৪-৭৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। প্রস্তাবিত বাজেট ৯৯৫.২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১০৫৬.১ কোটি টাকা।

১৯৭৫-৭৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মল্লিক। প্রস্তাবিত বাজেট ১,৫৪৯.২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১,৫৩৩.৭ কোটি টাকা।

১৯৭৬-৭৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রস্তাবিত বাজেট ১,৯০৮.২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১,৮৫৭.৬ কোটি টাকা।

১৯৭৭-৭৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী লে. জেনারেল জিয়াউর রহমান। প্রস্তাবিত বাজেট ২,০৯৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,২৮৮.২ কোটি টাকা।

১৯৭৮-৭৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রস্তাবিত বাজেট ২,৪৯৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,৭৭৬ কোটি টাকা।

১৯৭৯-৮০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ড. এম এন হুদা। প্রস্তাবিত বাজেট ৩,৩১৭.৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩,৭৬৮.৯ কোটি টাকা।

১৯৮০-৮১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৪,২২৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩,৯৫৫.৮ কোটি টাকা।

১৯৮১-৮২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৪,৭৮৮.৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৭২৫.৩ কোটি টাকা।

১৯৮২-৮৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৪,৮৫৪.১ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৮৫৪.১ কোটি টাকা।

১৯৮৩-৮৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৬,০৫৬.৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬,১৩৬ কোটি টাকা।

১৯৮৪-৮৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ৬,৯৩৩.৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬,৬৪৫.৪ কোটি টাকা।

১৯৮৫-৮৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ৭,২৬৮.৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৭,৬৫৯.৫ কোটি টাকা।

১৯৮৬-৮৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ৯,১১২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৯,২৭৬.৪ কোটি টাকা।

১৯৮৭-৮৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ১০,৩০০.৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১০,৩১৯.৬ কোটি টাকা।

১৯৮৮-৮৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম এ মুনিম। প্রস্তাবিত বাজেট ১১,০৬০.৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১১,৪৭৯.৭ কোটি টাকা।

১৯৮৯-৯০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক। প্রস্তাবিত বাজেট ১৩,৪৬২.৩০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১২,৮৭২.৫ কোটি টাকা।

১৯৯০-৯১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম এ মুনিম। প্রস্তাবিত বাজেট ১৩,৯৮৯.৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১৫,৭৭২.১ কোটি টাকা।

১৯৯১-৯২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ১৬,৩৭৩.৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১৬,৬৪৩.৩ কোটি টাকা।

১৯৯২-৯৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ১৮,২৮৬.৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১৮,০১৬ কোটি টাকা।

১৯৯৩-৯৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ১৯,৯৫২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২১,৩১৯ কোটি টাকা।

১৯৯৪-৯৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ২১,৭৩৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৩,০৮৯ কোটি টাকা।

১৯৯৫-৯৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ২৪,৭০৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৩,৬৫৩ কোটি টাকা।

১৯৯৬-৯৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। প্রস্তাবিত বাজেট ২৫,২৫৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৫,০১১ কোটি টাকা।

১৯৯৭-৯৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। প্রস্তাবিত বাজেট ২৭,৭৮৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৭,০০৭ কোটি টাকা।

১৯৯৮-৯৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। প্রস্তাবিত বাজেট ৩০,০৯৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩০,২০৬ কোটি টাকা।

১৯৯৯-২০০০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। প্রস্তাবিত বাজেট ৩৬,১৭৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩৭,৯৫৩ কোটি টাকা।

২০০০-০১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। প্রস্তাবিত বাজেট ৪২,৮৫৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪১,৯৯৫ কোটি টাকা।

২০০১-০২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। প্রস্তাবিত বাজেট ৪৪,৭৬৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩৯,৪৯৫ কোটি টাকা।

২০০২-০৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৪৪,৮৫৪ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪৪,৯০৪ কোটি টাকা।

২০০৩-০৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৫১,৯৮০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪৯,৩৬৭ কোটি টাকা।

২০০৪-০৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৫৭,২৪৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫৫,৬৩২ কোটি টাকা।

২০০৫-০৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৬৪,৩৮৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬১,০৫৮ কোটি টাকা।

২০০৬-০৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৬৯,৭৪০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬৬,৮৩৬ কোটি টাকা।

২০০৭-০৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রস্তাবিত বাজেট ৮৭,১৩৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৯৩,৬০৮ কোটি টাকা।

২০০৮-০৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রস্তাবিত বাজেট ৯৯,৯৬২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৯৪,১৪০ কোটি টাকা।

২০০৯-১০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা।

২০১০-১১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ৩০ হাজার ১১ কোটি টাকা।

২০১১-১২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ৬১ হাজার ২১৩ কোটি টাকা।

২০১২-১৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ৮৯ হাজার ৩২৬ কোটি টাকা।

২০১৩-১৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২ লাখ ১৬ হাজার ২২২ কোটি টাকা।

২০১৪-১৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ২,৫০,৫০৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,৩৯,৬৬৮ কোটি টাকা।

২০১৫-১৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ২,৯৫,১০০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,৬৪,৫৬৫ কোটি টাকা।

২০১৬-১৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৩,৪০,৬০৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩,১৭,১৭৪ কোটি টাকা।

২০১৭-১৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৪ লাখ ২৬৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।

২০১৮-১৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৪,৬৪,৫৭৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৪২,৫৪১ কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৫,২৩,১৯০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা।

২০২১-২২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫,৯৩,৫০০ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৬,৭৮,০৬৪ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬,৬০,৫০৭ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৭,৬১,৭৮৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং চলমান অর্থবছরের সংশোধিত বাজেট ৭ লাখ ১৪ হাজার ৭১৮ কোটি টাকা।

আয়-ব্যয় ও ঘাটতির চিত্র

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বা নিট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বড় অঙ্কের এই ঘাটতি মেটাতে প্রতি বছরের মতো এবারও ব্যাংক ঋণের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছে সরকার। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

• বাংলাদেশের বাজেট ১৯৭২-২০২৫। তথ্যসূত্র: ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)

এসআই/এমএআর/