আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য মোট ২ হাজার ১৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের মূল বরাদ্দের তুলনায় কম। তবে সামগ্রিক বরাদ্দ হ্রাস করা হলেও বিপরীতমুখী চিত্র দেখা গেছে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে। আগের অর্থবছরের তুলনায় এই খাতে ব্যয়ের পরিমাণ বেড়েছে।
জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য এই বিভাগের মোট বরাদ্দ ২ হাজার ১৪১ কোটি টাকা। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ১৯৩ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৯৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি (২০২৫-২৬) অর্থবছরের মূল বাজেটে এই বিভাগের জন্য ২ হাজার ১৪৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তবে অর্থবছরের সংশোধিত বাজেটে তা কমিয়ে ১ হাজার ৯৮৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২১২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৭৭৫ কোটি টাকা।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিপরীতে প্রকৃত ব্যয় ছিল ১ হাজার ৯৬৬ কোটি টাকা। যার মধ্যে পরিচালন খাতে ১ হাজার ১২৩ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৮৪৩ কোটি টাকা ব্যয় হয়েছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি দেশের ৫৫তম বাজেট। এছাড়া বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।
নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন এই অর্থবছর।
আরএইচটি/এমএসএ
