২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী ও বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট ও নো-ফ্রিলস অ্যাকাউন্ট (সহজ শর্তে খোলা সুবিধাবঞ্চিতদের হিসাব) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেটের মাধ্যমে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া অন্য যেকোনো ব্যক্তিকে এখন থেকে নতুন ব্যাংক হিসাব খোলার সময় বাধ্যতামূলকভাবে টিআইএন সনদ জমা দিতে হবে।
এদিকে কর ফাঁকি রোধ ও রাজস্ব জাল বাড়াতে প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন বা কেন্দ্রীয় তথ্য সমন্বয়ের মাধ্যমে এনবিআর-এর জাতীয় তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা (বিদ্যুৎ, গ্যাস, পানি), সাব-রেজিস্ট্রি অফিসসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হবে।
উল্লেখ্য, আজ বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরএইচটি/এনএফ
