বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদেশি বা অনিবাসী (নন-রেসিডেন্ট) করদাতাকে যন্ত্রপাতি ভাড়া বাবদ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠান থেকে যন্ত্রপাতি বা প্রযুক্তি ভাড়ায় আনতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে পরিশোধের সময় ১৫ শতাংশ উৎসে কর কেটে রাখতে হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে এ হার অর্ধেকে নেমে আসবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, নির্মাণ, টেলিযোগাযোগ এবং উৎপাদন শিল্পের অনেক প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির কাছ থেকে ভারী যন্ত্রপাতি, বিশেষায়িত মেশিনারি ও প্রযুক্তি লিজ বা ভাড়ায় নিয়ে থাকে। উৎসে কর কমে গেলে এসব সেবা গ্রহণের ব্যয় কমবে এবং বিদেশি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ বাড়বে।
অনেক সময় বড় বিনিয়োগ প্রকল্পে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরাসরি কেনার পরিবর্তে ভাড়ায় আনা বেশি লাভজনক হয়। কিন্তু উচ্চ করের কারণে এ খাতে ব্যয় বেড়ে যেতো।
করহার কমানো হলে বিদেশি সেবা ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও বাংলাদেশ আরও আকর্ষণীয় বাজার হিসেবে বিবেচিত হতে পারে।
আরএম/এনএফ
