বেসরকারি খাতে ঋণপ্রাপ্তির ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, আশঙ্কা হচ্ছে, বেসরকারি খাতে ঋণপ্রাপ্তির ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এ কারণে সরকারের উচিত হবে অভ্যন্তরীণ উৎসের বাইরে বহির্গত উৎস থেকে কীভাবে বেসরকারি খাতের জন্য ফান্ড ফ্লো আনা যায় এবং তাদের জন্য ঋণের ব্যবস্থা করা যায়, সেটি বিবেচনা করা।
বৃহস্পতিবার (১১ জুন) সংসদ ভবনের জেনারেল এম এ জি ওসমানী গেটের সামনে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এবারের বাজেটে রাজস্ব আদায়ের জন্য সরকার বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। করজাল বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে এনবিআর একটি বড় সাফল্য অর্জন করবে।
তিনি আরও বলেন, এবারের সরকার একটি বড় আকারের বাজেট গ্রহণ করেছে। যদিও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং হবে, তবুও সরকার সেই চ্যালেঞ্জ নিতে চায় বলে মনে হয়। পাশাপাশি বাজেট ঘাটতির ক্ষেত্রে কাগজে-কলমে দেখানো হয়েছে যে, সরকার বিদেশি ঋণ তুলনামূলক বেশি নেবে এবং অভ্যন্তরীণ ঋণ কম নেবে। তবে বাস্তবে বিদেশি ঋণ প্রত্যাশা অনুযায়ী না এলে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতা বাড়তে পারে বলে ধারণা করছি।
এমএসআই/এমএন
