বিজ্ঞাপন

শিল্পায়ন সম্প্রসারণে আশাবাদী চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার

শিল্পায়ন সম্প্রসারণে আশাবাদী চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাজস্ব আহরণে সুশাসন নিশ্চিত, দুর্নীতি প্রতিরোধ, শিল্পায়ন সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে। একইসঙ্গে নতুন বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর ভ্যাট বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির আশঙ্কাও প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট প্রতিক্রিয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে জাতীয় বাজেট প্রস্তাব করেছেন, তা একটি চ্যালেঞ্জিং বাজেট। এ বাজেট উপস্থাপনের জন্য তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

খলিলুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা অর্জনে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ অপরিহার্য। পাশাপাশি শিল্পায়নের সুরক্ষা ও সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা গেলে রাজস্ব আহরণও সহজ হবে।

তিনি বলেন, দেশের ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নিজ নিজ মালিকানার আওতায় ফিরিয়ে দেওয়া প্রয়োজন। এতে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে এবং মূল্যস্ফীতি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে নতুন বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির সিদ্ধান্ত মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি। তিনি এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এমআর/এমএসএ