বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন।
আজ (মঙ্গলবার) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২ মার্চ আইডিআরএ’র তৎকালীন চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর থেকে এই শীর্ষ পদটি শূন্য ছিল। দীর্ঘ গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকার নাদিয়া নিভিনকে এই পদে স্থলাভিষিক্ত করল।
এর আগে গত ৫ মে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য নিয়োগ সংক্রান্ত আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনে চেয়ারম্যান পদের বয়সসীমা তুলে দেওয়া হলেও অভিজ্ঞতার শর্ত অপরিবর্তিত রাখা হয়। ২০১০ সালের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনের ৭(১) উপধারা অনুযায়ী বীমা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, প্রশাসন বা আইন পেশায় ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উপধারা ২ অনুযায়ী এই অভিজ্ঞতার সময়সীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
মীর নাদিয়া নিভিন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ এর একজন অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গত বছরের (২০২৫) অক্টোবর মাসে তিনি দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র (নিরপেক্ষ) পরিচালক হিসেবে যোগ দেন এবং বর্তমান নিয়োগের পূর্ব পর্যন্ত তিনি সেই দায়িত্বেই নিয়োজিত ছিলেন।
কুয়েতে জন্ম নেওয়া নাদিয়া নিভিন শৈশবে সেখানেই একটি ইংলিশ মিডিয়াম স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু করেন। পরবর্তীতে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবা-মায়ের সাথে বাংলাদেশে ফিরে আসেন। উচ্চশিক্ষার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে জনপ্রশাসন বিষয়েও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০০৭ সালের আগস্টে ইউএনডিপি এর প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন নাদিয়া নিভিন। বাংলাদেশে সরকারি সেবা ডিজিটালাইজেশনের অগ্রপথিক ‘এটুআই’ কর্মসূচিতেও তিনি কাজ করেছেন।
২০০৯ সাল থেকে তার আন্তর্জাতিক কর্মজীবন শুরু হয়। প্রথমে জার্মানিতে এবং পরবর্তীতে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে বিশ্বজুড়ে নির্বাচন বিষয়ক নীতিগত সহায়তা প্রদানের কাজ করেন তিনি।
এসআই/এনএফ
