বিজ্ঞাপন

বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরি ও এটিইসি

বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরি ও এটিইসি

গ্রামীণ জীবিকা উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের জন্য একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড এবং অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান এটিইসি। 

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে দু’পক্ষের মধ্যে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ উদ্যোগের মাধ্যমে ‘সবুজশক্তি বায়োডাইজেস্টার’ কর্মসূচির আওতায় বাংলাদেশের ২৭টি জেলায় দুগ্ধ খামারিদের জন্য পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি স্বল্পমূল্যে সরবরাহ করা হবে। এই অংশীদারিত্বের আওতায় এটিইসি আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট সরবরাহ করবে, যার মাধ্যমে গরুর গোবর থেকে গৃহস্থালির রান্নার জন্য পরিচ্ছন্ন বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব হবে এবং একই সঙ্গে কৃষিকাজে ব্যবহারের জন্য জৈব সার তৈরি হবে।

প্রাণ ডেইরি দেশের ২৭টি জেলায় বিস্তৃত তাদের দুগ্ধ খামারিদের নেটওয়ার্কের মাধ্যমে এই প্রযুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে।

এই উদ্যোগের মাধ্যমে খামারিরা রান্নার জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারবেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সক্ষম হবেন এবং জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা ও কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবেন। একই সঙ্গে এটি গ্রামীণ পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং এটিইসি অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভাশীষ ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, প্রাণ ডেইরির মাঠ পর্যায়ের টিম খামারি শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় কার্যক্রমে সহায়তা করবে। অন্যদিকে এটিইসি খামারি প্রশিক্ষণ, পণ্য সরবরাহ, বায়োডাইজেস্টার স্থাপন এবং পরবর্তী সেবা কার্যক্রম পরিচালনা করবে।

ইলিয়াছ মৃধা বলেন, প্রাণ ডেইরি দীর্ঘদিন ধরে দুগ্ধ খামারিদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে এবং এই উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে, যা খামারিদের জন্য সাশ্রয়ী ও টেকসই সমাধান নিশ্চিত করবে।

শুভাশীষ ভৌমিক বলেন, এই অংশীদারিত্ব গ্রামীণ কৃষি পরিবারগুলোর জন্য পরিচ্ছন্ন জ্বালানির সুযোগ সৃষ্টি করবে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রাণ ডেইরি লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন তরফদার, অপারেশন ম্যানেজার জিহাদুল কবির, হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তায়িন কাদের, এবং এটিইসি-এর পক্ষে হেড অব সেলস মো. হাসিবুর হাসান রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাফিউল ইসলামসহ দু’পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন