বিজ্ঞাপন

ড্যাফোডিল কম্পিউটার্সের অস্বাভাবিক দরবৃদ্ধি, কারণ জানে না কোম্পানি

ড্যাফোডিল কম্পিউটার্সের অস্বাভাবিক দরবৃদ্ধি, কারণ জানে না কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর গত কয়েক মাস ধরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চলতি ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ২২ জুন পর্যন্ত সাড়ে ৫ মাসে কোম্পানিটির শেয়ারদর ৩৪২ শতাংশ বেড়েছে। শেয়ারটির দাম টানা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। তবে এই দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ২১ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ, বর্তমান দরবৃদ্ধি সম্পূর্ণ বাজার চাহিদার ওপর ভিত্তি করে হচ্ছে বলে প্রতীয়মান।

বাজার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১১ জানুয়ারি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ছিল ৩৫ টাকা ৭০ পয়সায়, যা ২২ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সাড়ে ৫ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১২২ টাকা বা ৩৪২ শতাংশ।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ড্যাফোডিল কম্পিউটার্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ৩৫৭টি।

আর্থিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের ৯ মাসে (জুলাই ২৫-মার্চ ২০২৬) শেষে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা দাঁড়িয়েছে ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। এক্ষেত্রে ব্যবসায় পতন ৩১ শতাংশ।

এর আগে গত ২১ মে ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদের ঋণের বিপরীতে শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বছরের ১১ নভেম্বর ডিএসই জানায়, ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রুপান্তর করতে চায় ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ। এজন্য তারা ১৫ টাকা মূল্যে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার শেয়ার ইস্যুর প্রস্তাব করে। যার মূল্য হবে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।

এই শেয়ার ইস্যুর মাধ্যমে ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’ কোম্পানির ঋণ থাকবে না। এর বিনিময়ে ওই কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার পাবে। এক্ষেত্রে তারা বাজার মূল্যের অনেক কম দামে মাত্র ১৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করতে চায়।

এমএমএইচ/জেডএস