বিজ্ঞাপন

বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে, লভ্যাংশও বাড়াল কর্তৃপক্ষ

বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে, লভ্যাংশও বাড়াল কর্তৃপক্ষ

২০২৪-২৫ অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নিট মুনাফা আগের অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। এতে লভ্যাংশের পরিমাণ বাড়িয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আগের অর্থবছরে ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটি এই অর্থবছরের জন্য ৪৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটি শেয়ারপ্রতি ১৫ টাকা ৫৬ পয়সা হারে ৬৯৯ কোটি ৮৯ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে। আগের অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল শেয়ারপ্রতি ১৩ টাকা ৭ পয়সা হারে ৫৮৬ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১১৩ কোটি ২১ লাখ টাকা বা ১৯ শতাংশ।

অন্যদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এককভাবে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ১৫ টাকা ৫ পয়সা হারে ৬৭১ কোটি ২৬ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে। আগের অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল শেয়ারপ্রতি ১২ টাকা ৫৮ পয়সা হারে ৫৬১ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানির এককভাবে নিট মুনাফা বেড়েছে ১১০ কোটি ২১ লাখ টাকা বা ২০ শতাংশ।

এদিকে বেক্সিমকো ফার্মার ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে আদালতের অনুমোদন নিয়ে তারিখ ঘোষণা করার কথা জানানো হয়েছে। তবে এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ্যের জন্য যোগ্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এমএমএইচ/জেডএস