বিজ্ঞাপন

আগামী অর্থবছরে অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি পিকেএসএফের

আগামী অর্থবছরে অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি পিকেএসএফের

দেশের স্বল্প আয়ের জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৬ হাজার কোটি টাকার অর্থায়ন কর্মসূচি অনুমোদন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। যা বিদায়ী অর্থবছরের তুলনায় ৪৫ দশমিক ৩৪ শতাংশ বেশি।

আজ (বুধবার) রাজধানীর পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত সংস্থাটির সাধারণ পর্ষদ সভায় নতুন অর্থবছরের বাজেট ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।

সভা সূত্রে জানা যায়, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে অর্থায়নের পরিধি বাড়ানো হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন তহবিল কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত ৫ হাজার কোটি টাকা বিতরণের সুযোগ সৃষ্টি হবে।

পিকেএসএফ জানায়, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রচলিত ঋণ সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, ডেট ফাইন্যান্স ও ইকুইটি ফাইন্যান্সের সমন্বয়ে ব্লেন্ডেড ফাইন্যান্সিং কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া, ক্রিয়েটিভ ইকোনমি, জলবায়ু অভিযোজনভিত্তিক উদ্যোগ এবং টেকসই উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। নতুন অর্থবছরে শুধু অর্থায়ন নয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে গবেষণা কার্যক্রম জোরদার করা হবে।

সংস্থাটি আশা করছে, এসব উদ্যোগ দেশের উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই দিনে পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী এবং ড. মো. তৌফিকুল ইসলাম অংশ নেন বলে জানা গেছে।

আরএম/এসএএস/এনএফ

বিজ্ঞাপন