শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের কারখানা বন্ধ অবস্থায় পাওয়া গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসইর পরিদর্শক দল কোম্পানিটির কারখানা প্রাঙ্গণে গিয়ে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পায়। এ সময় কারখানায় কোনো ধরনের স্বাভাবিক উৎপাদন বা কার্যক্রম চলমান ছিল না বলে জানা গেছে। তবে কী কারণে কারখানা বন্ধ রয়েছে, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৯ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ, অর্থাৎ ৮৭ দশমিক ৯৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালক ছাড়া শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ফলে কোম্পানিটির উৎপাদন বন্ধের বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্র আরও জানায়, সর্বশেষ রোববার (২৮ জুন) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সা। কারখানা বন্ধের বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে কোম্পানির কাছ থেকে ব্যাখ্যা বা করণীয় জানতে ডিএসই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, উৎপাদন কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে তা কোম্পানির আর্থিক অবস্থার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমএমএইচ/জেডএস
