চারদিন বন্ধের পর এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিক অসন্তোষ কেটে যাওয়ায় শনিবার (২৭ জুন) থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান হয়েছে। এর ফলে কারখানায় অনুকূল কর্মপরিবেশ পুনরায় নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই প্রেক্ষাপটে কোম্পানির পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২৭ জুন থেকে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়।
এর আগে শ্রমিক অসন্তোষের জেরে গত ২৩ জুন দুপুর ২টা ৩০ মিনিটে এপেক্স স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ মৌখিকভাবে কারখানা বন্ধের (লে-অফ) সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী ওই বন্ধ ঘোষণা করা হয়েছিল।
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, চাকরি-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের অবৈধ ও অযৌক্তিক দাবির কারণে সৃষ্ট অসন্তোষের প্রেক্ষিতেই লে-অফের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কারখানার প্রায় ৫ হাজার কর্মচারী ও শ্রমিক লে-অফের আওতায় পড়েন।
এমএমএইচ/জেডএস
