বিজ্ঞাপন

শেয়ারবাজারে সূচকে বড় উত্থান, লেনদেনেও বেড়েছে গতি

শেয়ারবাজারে সূচকে বড় উত্থান, লেনদেনেও বেড়েছে গতি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরবৃদ্ধি পাশাপাশি সবগুলো মূল্যসূচকেও বড় উত্থান হয়েছে। একইসঙ্গে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার লেনদেনের শুরুতেই ডিএসইতে অধিকাংশ শেয়ার ও ইউনিট দরবৃদ্ধির তালিকায় নাম লেখায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দরবৃদ্ধির তালিকা আরো বড় হয়। দিনশেষে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ২১৩টি দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৩টির দাম এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২০ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহ সূচক ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ঢাকার শেয়ারবাজারে আজ লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যহারে বেড়েছে। এক্সচেঞ্জটিতে মোট ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) এই লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৬০ কোটি ২৯ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৩৭টির দাম বেড়েছে। বিপরীতে ৬২টির দাম কমেছে এবং ৩২টির দামে কোনো পরিবর্তন হয়নি। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৪৭ পয়েন্টে উঠেছে। এদিন মোট ৩৫ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) এই লেনদেনের পরিমাণ ছিল ৯৮ কোটি ৮৩ লাখ টাকা।

এমএমএইচ/জেডএস