জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রতিষ্ঠানটির নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব।
আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান করে তিনি অফিস করেন। এরপর দুপুরের দিকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এর আগে গতকাল জনপ্রশাসন বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আহসান হাবিব ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া, বিসিএস পরীক্ষায়ও নিজের ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি।
আরএম/এসএএস/এনএফ
