বে-মেয়াদী (ওপেন-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত আয় প্রতিবছর লভ্যাংশ হিসেবে বিতরণ না করে প্রয়োজন হলে ফান্ডেই পুনঃবিনিয়োগের সুযোগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত বিএসইসির ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এতে সভাপতিত্ব করেন। বুধবার (১ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) প্রস্তাব দিলে এবং বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সামগ্রিক স্বার্থ বিবেচনায় ট্রাস্টি প্রয়োজন মনে করলে অর্থবছর শেষে অর্জিত আয় ডিভিডেন্ড (লভ্যাংশ) হিসেবে বিতরণ না করেও ফান্ডে পুনঃবিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এ ব্যবস্থার ফলে ফান্ডে মূলধন ধরে রাখা সহজ হবে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ বাড়তে পারে। এতে ফান্ডের সম্পদের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগ কৌশল বাস্তবায়নে সম্পদ ব্যবস্থাপকদের আরও নমনীয়তা সৃষ্টি হতে পারে।
তবে এ সিদ্ধান্তের অর্থ এই নয় যে সব ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ড ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়া বন্ধ করবে। প্রতিটি ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাব ও ট্রাস্টির অনুমোদনের ভিত্তিতে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, এর ফলে ফান্ডের ইউনিট প্রতি সম্পদমূল্য বেড়ে যাবে। ইউনিটহোল্ডাররা চাইলে ইউনিট সারেন্ডার করে অর্থ ফেরত নিতে পারবেন। লভ্যাংশ ঘোষণা করলে সেটার ওপর করারোপ করা হয়। কিন্তু এক্ষেত্রে করারোপ করা হবে না। ফলে বিনিয়োগকারীরা লাভবান হবেন।
এমএমএইচ/এমএসএ
