শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অধীনস্থ প্রতিষ্ঠান ‘ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে’ বিনিয়োগকৃত অর্থ প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। গত মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, ‘ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেড’ তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান, যেখানে মূল কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। ‘ডাইনামিক সান এনার্জি’ একটি প্রকল্পভিত্তিক কোম্পানি হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এ প্রকল্পে ‘প্যারামাউন্ট টেক্সটাইল’ ইতোমধ্যে উল্লেখযোগ্য অঙ্কের বিনিয়োগ করেছে।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ডাইনামিক সান এনার্জিতে বিনিয়োগ করা প্রায় ২০০ কোটি টাকা রূপান্তর করা হবে রূপান্তরযোগ্য কিন্তু অবিমোচনযোগ্য (কনভার্টেবল নন রিডিমঅ্যাবল) প্রেফারেন্স শেয়ারে। প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা ধরে, মোট ২০ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে, যার ওপর বার্ষিক ৯ শতাংশ হারে লভ্যাংশ অথবা কুপন প্রদান করা হবে। এই শেয়ারগুলো বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য হবে।
এছাড়া আরও ৯৩ কোটি এক লাখ টাকা রূপান্তর করা হবে অরূপান্তরযোগ্য কিন্তু মেয়াদি (সস-কনভার্টেবল রিডিমঅ্যাবল) প্রেফারেন্স শেয়ারে। প্রতি শেয়ার ১০ টাকা মূল্যে মোট ৯ কোটি ৩০ লাখ ১০ হাজার প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে, যেগুলোর ওপরও বার্ষিক নয় শতাংশ হারে লভ্যাংশ প্রদান করা হবে এবং বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এসব শেয়ার অবসায়ন (রিডেম্পশন) করা হবে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সভায় বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এই বিনিয়োগ কাঠামো পুনর্গঠন করা হচ্ছে, যা ভবিষ্যতে প্রকল্পটির আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে সহায়ক হবে।
এমএমএইচ/জেআই/এমএসএ
