শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বিদ্যমান আইন অনুযায়ী, আলোচিত অর্থবছরের অর্জিত নিট মুনাফার ওপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে কোম্পানিটিকে।
কর আইন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অর্জিত মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে সংরক্ষিত মুনাফা তহবিলে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।
বেস্ট হোল্ডিংসের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৩০ পয়সা হিসাবে ৩১ কোটি ৭৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। অথচ আলোচিত অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে মুনাফার পুরোটাই সংরক্ষিত মুনাফা তহবিলে রাখা হবে।
আইন অনুযায়ী, মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে অর্জিত মোট ৩১ কোটি ৭৮ লাখ টাকা নিট মুনাফার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৩ কোটি ১৮ লাখ টাকা কর হিসেবে দিতে হবে।
আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বেস্ট হোল্ডিংসের নিট মুনাফা ৭৯ শতাংশ কমেছে। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ১ টাকা ৪৩ পয়সা মুনাফা করা কোম্পানিটি আলোচিত বছরে মাত্র ৩০ পয়সা মুনাফা করতে সক্ষম হয়েছে।
২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বেস্ট হোল্ডিংসের বর্তমান পরিশোধিত মূলধন রয়েছে ১ হাজার ৫৯ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৪ দশমিক ৬৬ শতাংশ।
এমএমএইচ/বিআরইউ
