বিজ্ঞাপন

দান দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য নয় : এনবিআর

দান দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য নয় : এনবিআর

সম্পত্তির হেবা (দান) দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর নয়, কেবল দানকরই প্রযোজ্য বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৭ জুলাই) নতুন আয়কর আইন ও বিধিমালার ভাষাগত অস্পষ্টতার কারণে মাঠপর্যায়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।

এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক সই করা স্পষ্টীকরণে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ১২৫ ধারা এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছরে ১২৫ ধারায় নতুন উপধারা (২ক) সংযোজন করা হয়েছে, যেখানে বলা হয়— সম্পত্তি হস্তান্তর দলিল নিবন্ধনের ক্ষেত্রে দানকর আইন, ১৯৯০ এর প্রযোজ্যতা সাপেক্ষে নিবন্ধনকারী কর্মকর্তা প্রযোজ্য হারে দানকর ই-চালানের মাধ্যমে সংগ্রহ করবেন।

এনবিআর বলছে, এই বিধান শুধুমাত্র হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য নয়। হেবা বা দানের ক্ষেত্রে দানকারীকে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর পরিশোধ করতে হবে এবং এ ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য হবে না।

অন্যদিকে, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। এ ধরনের নিবন্ধনের সময় কেবল নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহ করা হবে বলে স্পষ্ট করেছে এনবিআর।

সম্পত্তি নিবন্ধনের আগে নির্ধারিত কর পরিশোধ বাধ্যতামূলক করায় নতুন আয়কর আইন ও বিধিমালায় হেবা এবং দান দলিলে কর পরিশোধের বিষয়টি নিয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি দেখা দেয়। ফলে দেশের বিভিন্ন স্থানে হেবা ও দানসংক্রান্ত জমি ও ফ্ল্যাটের দলিল নিবন্ধন কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।

প্রসঙ্গত, অর্থবিল-২০২৬ এর মাধ্যমে আয়কর আইনের ১২৫ ধারা সংশোধন এবং আয়কর বিধিমালা-২০২৬ জারির পর নতুন বিধানে কর আদায়ের বিষয়ে অস্পষ্টতা তৈরি হয়। বিশেষ করে হেবা বা দানের ক্ষেত্রে দানকরের পাশাপাশি উৎসে করও দিতে হবে কি না, তা পরিষ্কার না থাকায় নিবন্ধন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়।

নতুন বিধানের ব্যাখ্যা নিয়ে অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছিল, হেবা বা দান দলিলের ক্ষেত্রে দানকরের পাশাপাশি ন্যূনতম ২ শতাংশ বা প্রতি শতাংশে ৫০০ টাকা হারে উৎসে করও দিতে হবে। সিটি করপোরেশন এলাকায় এ হার আরও বেশি হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছিল।

তবে এনবিআরের সর্বশেষ স্পষ্টীকরণে বলা হয়, হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কেবল দানকরই প্রযোজ্য হবে। উৎসে কর দিতে হবে না। নতুন বিধান অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য কর নিবন্ধনের আগেই পৃথক ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পরে সেই কর পরিশোধের প্রমাণপত্র নিবন্ধনের আবেদনের সঙ্গে দাখিল করতে হবে। কর পরিশোধের প্রমাণ ছাড়া কোনো দলিল নিবন্ধন করা হবে না।

আরএম/এসএএস