ক্যাপিটাল মেশিনারিজ, এলিভেটর, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের ১৬৮ কনটেইনার পণ্য অনলাইন নিলাম পদ্ধতিতে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি, কনটেইনার জট নিরসন এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্যের অনলাইন (ই-অকশন) নিলামে অংশ নেওয়া যাবে ঘরে বসেই।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জুলাই মাসে দুইটি আলাদা ই-অকশনের মাধ্যমে এসব পণ্য নিষ্পত্তি করা হবে। এর মধ্যে ‘বিশেষ ই-অকশন নম্বর-০৮/২০২৬’-এর আওতায় ৭৬টি লটে মোট ৯৩ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এই বিশেষ নিলামের পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ এবং গৃহস্থালি সামগ্রী। এই বিশেষ নিলামের পণ্য চালানগুলোর জন্য কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, ‘ই-অকশন নম্বর-০৭/২০২৬’-এর আওতায় ৫৫টি লটে মোট ৭৫ কনটেইনার পণ্য নিলামে তোলা হবে। এসব পণ্যের তালিকায় রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার এবং লবণসহ অন্যান্য সামগ্রী।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নিলাম প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহ বাড়াতে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। ‘ই-অকশন নম্বর-০৭/২০২৬’-এর পণ্য আগামী ১৩ জুলাই থেকে ২০ জুলাই এবং ‘বিশেষ ই-অকশন নম্বর-০৮/২০২৬’-এর পণ্য ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন পরিদর্শন করা যাবে।
আগ্রহী ক্রেতারা ঘরে বসেই কাস্টমসের অফিশিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.bdcustoms.gov.bd) নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবেন। ‘ই-অকশনের জন্য ১২ জুলাই থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে বিড করা যাবে।
অনলাইন বিডিংয়ের সময় প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্ত মেনে পণ্য খালাস করতে হবে।
আগামী ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় সাধারণ ই-অকশনের দরপত্র বাক্স এবং ২৭ জুলাই সকাল ১১টায় বিশেষ ই-অকশনের দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।
আরএম/এসএএস
