জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনী তফসিলে বলা হয়েছে, আগামী মেয়াদে সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পর্ষদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, তিন জন ভাইস-প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, তিন জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, একজন স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি, একজন পাবলিক রিলেশনস সেক্রেটারি, একজন মেম্বার্স ওয়েলফেয়ার সেক্রেটারি এবং ১৪ জন সাধারণ সদস্য।
নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারদের আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। একই তারিখে বিকেল ৫টার মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন দাখিল করতে হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক বায়রার ভোটার তালিকার ওপর ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আপত্তি দাখিল করা যাবে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপিল বোর্ড তা শুনানি শেষে নিষ্পত্তি করবে। এরপর ১ থেকে ২ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।
আগ্রহী প্রার্থীরা আগামী ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত কাগজপত্রসহ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।
৯ থেকে ১৫ অক্টোবর মনোনয়নপত্র পরীক্ষা শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ অক্টোবর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২৪ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে এবং ভোট গণনা শেষে ওই দিনই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্র ভোটগ্রহণের আগে জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট ফি ও সময়সীমা মেনে ১৫ নভেম্বর থেকে আবেদন করা যবে। ১৬ ও ১৭ নভেম্বর শুনানি শেষে ১৮ নভেম্বর নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে ১৯ থেকে ২১ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে পৃথক ধাপে নির্বাচন আপিল বোর্ডের কাছে আবেদন করা যাবে।
২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সব আইনি প্রক্রিয়া ও শুনানি সম্পন্ন করে ২৫ নভেম্বর সংশোধিত (যদি প্রয়োজন হয়) চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।
নির্বাচন বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে এই তফসিল পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার সম্পূর্ণ এখতিয়ার তারা সংরক্ষণ করে।
এনআই/এসএম
