ব্যবসার পরিধি বাড়াতে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস পিএলসি (ইএলবি)। এ লক্ষ্যে কোম্পানিটি প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের (পিপিপিএলএল) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
রোববার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে জ্বালানি খাতের কোম্পানিটি।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস এবং যুক্তরাষ্ট্রের এরগন ব্র্যান্ডের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক পিপিপিএলএলের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য হওয়া এ চুক্তির আওতায় সরকারি খাতে এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিপণন ও বিতরণে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টসের বিদ্যমান লুব্রিকেন্টস ব্যবসার পাশাপাশি নতুন একটি ব্যবসায়িক খাত যুক্ত হচ্ছে।
তবে চুক্তির বিষয়ে বিস্তারিত জানার জন্য ডিএসই কোম্পানিটির কাছে চুক্তিপত্রের অনুলিপি চাইলেও এখন পর্যন্ত তা এক্সচেঞ্জে জমা দেওয়া হয়নি বলে জানিয়েছে ডিএসই।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারসের আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৩ টাকা ১৯ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।
১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টসের পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ টাকা। সর্বশেষ শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। শনিবার (১১ জুলাই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ১ হাজার ৮৮৯ টাকা।
এমএমএইচ/এসএম
