আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। তবে ঢাকার এই শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচকও বেড়েছে। একইসঙ্গে এই বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮১টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৬৫টির দাম। আর ৪৮টির দাম দিনশেষে অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করেছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। একই দিনে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং ব্লু-চিপভিত্তিক ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২৫০ কোটি ৪৮ লাখ টাকা।
অন্যদিকে, সিএসইতে আজ মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১২২টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৯১টির দাম। আর ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১১ পয়েন্টে উন্নীত হয়েছে। চট্টগ্রামের এই শেয়ারবাজারে মোট ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ১০ কোটি ১১ লাখ টাকা।
এমএমএইচ/জেডএস
