স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের সম্মানজনক উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়াতে চায় সরকার। এই উত্তরণকে টেকসই করতে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে জাতিসংঘের কাছে জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বিশ্ব সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নে সরকারের নতুন ‘৩-আর’ (রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন) নীতি তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়া, ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং ইউএনডিপির সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠক করেন।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডেসা) প্রধান লি জুনহুয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
ড. তিতুমীর বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, ট্রানজিশন স্ট্র্যাটেজি কার্যকর করা এবং একটি টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতেই বাংলাদেশ এই সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছে। জবাবে লি জুনহুয়া বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএন ডেসার অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং উত্তরণ প্রক্রিয়া সফল করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, এই গণরায় সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠার ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। এ সময় তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বর্তমান সরকারের ‘৩-আর’ (রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর এক্সেলারেশন) কৌশল তুলে ধরেন। আমিদা সালসিয়াহ বাংলাদেশের এই অর্থনৈতিক রূপরেখা এবং সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং আঞ্চলিক সংযোগ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সহযোগিতার আশ্বাস দেন।
ইউএনডিপির সহকারী মহাসচিব ও আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দেন ড. তিতুমীর। তিনি বাংলাদেশের টেকসই উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সংস্থাটির নিবিড় সহযোগিতা কামনা করেন। জবাবে কান্নি উইগ্নারাজা দেশের এই রূপান্তরকালীন সময়ে উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার নীতি বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এসআই/ডিএ
