শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই জীবন বিমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক তথ্য প্রকাশ করেছে। এ সময়ে প্রগতি লাইফের নেট প্রিমিয়াম ও জীবন বিমা তহবিল উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অন্যদিকে, প্রাইম ইসলামী লাইফের আয়-ব্যয়ের ঘাটতি কমার পাশাপাশি বেড়েছে জীবন বিমা তহবিলও।
বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই তথ্য জানিয়েছে কোম্পানি দুটি। এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় নির্ধারিত সময়ের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রগতি লাইফের রাজস্ব হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির নেট প্রিমিয়াম আয় হয়েছে তিনশ ৭৫ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল তিনশ ৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নেট প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ৭২ কোটি ৭ লাখ টাকা বা ২৩ দশমিক ৮ শতাংশ।
একই সময়ে কোম্পানিটির মোট ব্যয় বেড়ে তিনশ ২৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল দুইশ ৯৫ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার টাকা। ফলে ব্যয় বেড়েছে প্রায় ৩০ কোটি ৯৫ লাখ টাকা বা ১০ দশমিক ৫ শতাংশ।
আর চলতি বছরের ৩০ জুন শেষে প্রগতি লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে আটশ ৬৩ কোটি ৮৯ লাখ ২৩ হাজার টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ছয়শ ৯৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ তহবিল বেড়েছে প্রায় একশ ৬৬ কোটি ৬৭ লাখ টাকা বা ২৩ দশমিক ৮৯ শতাংশ।
অন্যদিকে, প্রাইম ইসলামী লাইফের সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বেশি হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে প্রায় ৮৯ দশমিক ৫ শতাংশ।
এছাড়া জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বেশি হয়েছে ৫৯ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ ছয় মাসে ঘাটতি কমেছে প্রায় ৩৫ কোটি ২৫ লাখ টাকা বা প্রায় ৩৭ শতাংশ।
চলতি বছরের ৩০ জুন শেষে প্রাইম ইসলামী লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ছয়শ ৭৯ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ছয়শ ৫৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে তহবিল বেড়েছে ২৫ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা।
এমএমএইচ/জেআই
