বেসরকারি খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব ফের ব্যাংকটির পুরোনো উদ্যোক্তা ও মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আর্থিক সূচকের দৃশ্যমান উন্নতি হওয়ায় ব্যাংকটির আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে ১৪ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৫ জুলাই) ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে ১২ জন উদ্যোক্তা পরিচালক এবং ২ জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দেশের ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হলেও অধিকাংশ ব্যাংকের মূল উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আল-আরাফাহ ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন এবং এর আর্থিক অবস্থার বড় ধরনের উন্নতি হওয়ায় এটি পুনরায় উদ্যোক্তাদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে।
নতুন গঠিত এই পরিচালনা পর্ষদে বড় ধরনের অংশগ্রহণ রয়েছে চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের। নতুন পর্ষদে স্থান পাওয়া পরিচালকদের মধ্যে রয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলস মিলস লিমিটেডের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া পর্ষদের অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন– ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সেলিম রহমান, আলহাজ্ব আহামেদুল হক, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, মোহাম্মদ আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, মো. এনায়েত উল্লা এবং কে, ওয়াই স্টিল মিলস লিমিটেডের পক্ষে প্রতিনিধি পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন তসলিম।
এর আগে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের তৎকালীন পর্ষদ ভেঙে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত এস আলম গ্রুপের প্রধানের ভাই আব্দুস সামাদ লাবু। তৎকালীন সময়ে সেই পর্ষদ বিলুপ্ত করে খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি সম্পূর্ণ স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিল। দীর্ঘ সময় স্বতন্ত্র পরিচালকদের অধীনে চলার পর ব্যাংকটির আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় তা মূল উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিল নিয়ন্ত্রক সংস্থা।
২০২৪ সালের আগস্টে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের স্বতন্ত্র বোর্ড গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই পর্ষদের চেয়ারম্যান ছিলেন খাজা শাহরিয়ার। অন্য সদস্যরা ছিলেন– মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।
এসআই/বিআরইউ
