বিজ্ঞাপন

সপ্তাহের শেষদিনে সূচক কমলো, লেনদেনেও ভাটা

সপ্তাহের শেষদিনে সূচক কমলো, লেনদেনেও ভাটা

চলতি সপ্তাহের প্রথম চার কার্যদিবস টানা উত্থানের পর শেষ দিনে (বৃহস্পতিবার) নিম্নমুখী প্রবণতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সমাপ্তি ঘটেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবগুলো মূল্যসূচক কমেছে। একইসঙ্গে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও কমেছে।  

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে কমেছে মূল্যসূচকও। একইসঙ্গে চট্টগ্রামের এই শেয়ারবাজারেও কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। তবে অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকা বড় হয়। আর লেনদেনের শেষদিকে এক প্রকার ঢালাও দরপতন হয়। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪০টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বাছাই করা ভালো ৩০টি কোম্পানির মধ্যে মাত্র ৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২২৮ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১১৮ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৯৭ কোটি ৬৬ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ ২২৪ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩২ কোটি ১৭ লাখ টাকা।

এমএমএইচ/এসএম