বিজ্ঞাপন

মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ

মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ

দেশের মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড)-গুলোতে আমদানি বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে নতুন ফ্রেমওয়ার্ক বা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন এই নিয়মের আওতায় একদিকে যেমন বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে পণ্য এনে দীর্ঘ সময় বিনা ঝুঁকিতে মজুত করে রাখা যাবে, অন্যদিকে কমবে স্থানীয় ব্যাংকগুলোর ঋণঝুঁকি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই ফ্রেমওয়ার্কের ফলে দেশের রপ্তানিমুখী শিল্প খাত এবং স্থানীয় উৎপাদনশীল খাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে, যা পুরো দেশের সরবরাহ শৃঙ্খলকে (সাপ্লাই চেইন) আরও দক্ষ করে তুলবে।

এই সুবিধা পাবেন উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান, অনুমোদিত ট্রেডিং কার্যক্রম পরিচালনাকারী আমদানিকারক এবং এফটিজেডে কার্যরত লজিস্টিকস সেবা দেওয়া প্রতিষ্ঠান।

ফ্রেমওয়ার্কে কনসাইনমেন্ট ভিত্তিক আমদানির সুযোগ রাখা হয়। এ ব্যবস্থায় আমদানি করা পণ্য উৎপাদনে ব্যবহার বা বিক্রি না হওয়া পর্যন্ত পণ্যের মালিকানা বিদেশি সরবরাহকারীর কাছেই থাকবে। ফলে মালিকানা হস্তান্তরের আগ পর্যন্ত ব্যাংকগুলো এসব পণ্যকে মজুত (ইনভেন্টরি) হিসেবে গণ্য করবে না এবং এ সংক্রান্ত কোনো ঋণঝুঁকিও গ্রহণ করবে না।

এফটিজেড-সংশ্লিষ্ট লেনদেনের ধরনও নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়। দেশের অভ্যন্তরের কোনো ক্রেতা এফটিজেড থেকে পণ্য কিনলে সেটিকে আমদানি হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে, এফটিজেডে থাকা কোনো প্রতিষ্ঠানের বিক্রয় বিক্রেতার জন্য রপ্তানি এবং ক্রেতার জন্য আমদানি হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে যথাযথভাবে এক্সপি ও আইএমপি  প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এ ছাড়া এফটিজেড-সংশ্লিষ্ট সব ধরনের অর্থ দেওয়া অবাধে রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় সম্পন্ন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

নতুন ফ্রেমওয়ার্ক অনুযায়ী, কনসাইনমেন্ট ভিত্তিতে আমদানি করা পণ্য এফটিজেডে সর্বোচ্চ ৪৮ থেকে ৬০ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

অন্যদিকে বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় আমদানির ক্ষেত্রে-যার মধ্যে বায়ার্স ক্রেডিট ও সাপ্লায়ার্স ক্রেডিট অন্তর্ভুক্ত-পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ২৭০ দিন নির্ধারণ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিশেষায়িত অঞ্চলের মতো অর্থায়ন সুবিধা দিতে পারবে। পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) প্রচলিত বিধিমালা অনুযায়ী বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুবিধা দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে এফটিজেডভিত্তিক আমদানি ও বাণিজ্য কার্যক্রম আরও কার্যকর হবে। একই সঙ্গে রপ্তানিমুখী শিল্প, স্থানীয় উৎপাদনশীল খাত এবং সরবরাহ শৃঙ্খলের দক্ষতা বাড়াতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এসআই/আরএফ